পটুয়াখালীতে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেপ্তার
পটুয়াখালীর সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে ঢাকার মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় র্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-২ মোহাম্মদপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া গ্রামের শানু প্রকাশ মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।
র্যাব সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বসিলা রোড এলাকায় সংঘবদ্ধভাবে ভুক্তভোগী ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে র্যাব বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে মোল্লা কাউসারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।




Comments