চলতি বছরের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, আগামী ২০ মার্চ অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এক বিবৃতিতে কাউন্সিল জানিয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর দেওয়া তথ্য নিবিড়ভাবে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন।
চাঁদ দেখার বিষয়ে কাউন্সিল আরও জানায়, সূর্যাস্তের আগেই সুনির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে নতুন চাঁদের (হিলাল) জন্ম হওয়া, সূর্যাস্তের পর চাঁদের দৃশ্যমান থাকার সময়কাল এবং অস্ট্রেলিয়া ও এর আশপাশের অঞ্চলে সেটি দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করেই ঈদের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক ও ফিকহভিত্তিক পরিষদও একই মানদণ্ড অনুসরণ করে থাকে।
এদিকে বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। তবে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে।
উল্লেখ্য, এক মাস রোজা রাখার মাধ্যমে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের চর্চা শেষে বিশ্বজুড়ে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন। গত ১৯ ফেব্রুয়ারি থেকে এবারের পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা পুরোপুরি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চন্দ্রবর্ষ গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় ১০ দিন ছোট হওয়ায় প্রতি বছরই রমজান ও ঈদের সময় কিছুটা এগিয়ে আসে।
সূত্র: খালিজ টাইমস
মানবকণ্ঠ/আরআই




Comments