Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরে বছরব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৪ মার্চ) সকালে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস’ উপলক্ষে যশোর পৌর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা নার্গিস বেগম বলেন, “বিএনপি ক্ষমতায় আসার আগেই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড এবং ইমাম-পুরোহিতসহ ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশ গঠনে প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশনা পালনে আমাদের সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে দেশব্যাপী সংসদ সদস্যদের স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি শুরু হয়েছে।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল জানান, কর্মসূচির প্রথম দিনে পৌরসভার তিনটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে এখন থেকে প্রতি শনিবার ধারাবাহিকভাবে জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচি পালন করবে।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ জেলা, নগর ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর