Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে দায়িত্বরত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই মামুনুর রশীদকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্ষুদ্রদৌলতপুর গ্রামের মনি (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক মনি জানান, শনিবার বিকেলে ষোল মাইল বাজারে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ ওরফে আনুর সঙ্গে একটি বিবাদমান বিষয় নিয়ে এএসআই মামুনুর রশীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে রুহুলসহ আরও কয়েকজন কাঠের বাটাম দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আটক মনি এ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

ঘটনার বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। তবে আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন এটা সত্য।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, “এএসআই মামুনুর রশীদ আহত হওয়ার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর