Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৫ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

জানা যায়, বিদ্যমান ‘আলহানি’ নাম পরিবর্তন করে একটি পক্ষ মসজিদটির নাম ‘সোনার মদীনা মসজিদ’ রাখার উদ্যোগ নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

প্রশাসনের আদেশে বলা হয়, নাম পরিবর্তন নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরাজমান উত্তেজনার কারণে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বিবেচনায় মসজিদের চতুসীমার ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

জারি করা আদেশ অনুযায়ী, উক্ত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল-স্লোগান, মাইকিং, পিকেটিং, অস্ত্র বহনসহ যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মসজিদের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকাবাসীকে অবহিত করতে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।