মতলবে বসতঘরের সিলিংয় থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক দুই
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে একটি বসতঘরের সিলিং থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহনাজ আক্তার (২৮) ও মর্জিনা আক্তার (২১) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার নারায়ণপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চাপাতিয়া এলাকার প্রধানীয়া বাড়িতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার শাহনাজ আক্তার ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ২৪টি মামলার আসামি পলাতক সুমন প্রধানের স্ত্রী এবং মর্জিনা আক্তার এবায়েত উল্লাহর মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে ও মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। তল্লাশিকালে পলাতক আসামি সুমন প্রধানীয়ার বসতঘরের সিলিংয়ের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা সুমন প্রধানীয়া (৩৬) পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অপরাধী যেই হোক, কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। মতলবকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments