সিরাজগঞ্জের রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণ পাড়া এলাকায় জনৈক মোন্নাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামাইনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা গণমাধ্যমকর্মীদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে মজুদ করা ১৫ বস্তা চাল জব্দ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, সরকারি নিয়ম অনুযায়ী ডিলার ছাড়া অন্য কারও কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ বা সংরক্ষণ করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত চালগুলো বর্তমানে সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments