চট্টগ্রাম নগরীর বৃহত্তম কাপড়ের পাইকারি বাজার টেরিবাজারের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন এবং আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন বক্সির বিট এলাকার ‘অর্কিড প্লাজা’ নামের ১২ তলা ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলাইমান (২৮)। তাঁদের দুজনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। আহত মোহাম্মদ মামুনকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অর্কিড প্লাজার চতুর্থ তলার একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আটকা পড়া তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে দুজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ ও কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাপড়ের দোকানের ইস্ত্রি (আয়রন) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো টেরিবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মার্কেটে বিপুল পরিমাণ কাপড়ের মজুদ ছিল। এই অগ্নিকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments