Image description

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী, একজন বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের ওই অংশে চট্টগ্রাম অভিমুখী একটি লেনের সংস্কার কাজ চলছিল। একপর্যায়ে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হওয়ার সময় ‘শ্যামলী পরিবহন’ নামের একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ নিয়ে চালকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহনের জটলা তৈরি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা ‘দোয়েল পরিবহন’ নামের আরেকটি বাস সেই জটলার মধ্যে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর