মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১২ বছরের এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ২নং কড়ইচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ (মেম্বার) বর্তমানে পলাতক রয়েছেন।
গত শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী সামান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদ ওই গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিশুটি তার নিজ বাড়িতে দাদির ঘরে একা ছিল। এই সুযোগে সাবেক মেম্বার মাসুদুর রহমান তাকে ধর্ষণ করে। এ ঘটনায় গত রাতে ভিকটিমের মা শিরিনা বেগম বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত মাসুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পদক্ষেপ নিয়েছে। ভিকটিমের শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য তাকে ফরেনসিক পরীক্ষার উদ্দেশ্যে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। ভিকটিমকে আইনি ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। পলাতক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।"
এদিকে, ১২ বছরের এক অসুস্থ শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments