নড়াইলে তুচ্ছ ঘটনার জেরে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলাজুড়ে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নড়াইল জেলা পাম্প মালিক সমিতি।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু সংবাদমাধ্যমকে এই ধর্মঘটের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সদর উপজেলার তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে জেলার ১০টি পাম্পের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
নিহত নাহিদ সরদার (৩৩) সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন একই গ্রামের জিহাদ মোল্যা (২৭), তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা ওই পাম্পে ডিজেল নিতে আসেন। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাকচালকের সাথে ম্যানেজারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পাম্প ছাড়েন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাজ শেষ করে রাত ২টা ১০ মিনিটে ম্যানেজার নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পাম্প থেকে মাত্র ১০০ গজ দূরে যেতেই আগে থেকে ওত পেতে থাকা ওই ঘাতক ট্রাকটি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পিষে ফেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী জানান, নিহত নাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার কাজ চলছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাম্প মালিকরা অবিলম্বে খুনি চালকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments