কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা ও দুপুর ১টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার বাসিন্দা ও মোটরসাইকেল গ্যারেজ কর্মী মোহাম্মদ কামরুল (১৮), মহেশখালী উপজেলার বাসিন্দা ও বর্তমানে বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা ইসহাক আহমদ (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ও পথচারী উভয়েই সড়কে ছিটকে পড়েন। ঠিক সে সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করেছে।
অন্যদিকে, সকাল ১১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের মারিশবুনিয়া এলাকায় অন্য একটি দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল রাস্তা পার হওয়ার সময় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, মোটরসাইকেলটি ভাড়া নিয়ে দুই পর্যটক টেকনাফ যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই তারা সটকে পড়েন। তবে ঘাতক মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
গুরুতর আহত ইসহাক আহমদকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. শহীদুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments