পীরগঞ্জে একই নামে একাধিক ফুয়েল কার্ড, ২৮ জনের কার্ড বাতিল
একই নামে কৌশলে একাধিক বিশেষ জ্বালানি (ফুয়েল) কার্ড সংগ্রহ করার অপরাধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৮ ব্যক্তির কার্ড বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার এসব কার্ড জব্দ ও বাতিল ঘোষণা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহের জন্য বৈধ কাগজপত্রধারী মোটরসাইকেল মালিকদের অনুকূলে উপজেলা পরিষদ, থানা এবং পৌরসভা কার্যালয় থেকে বিশেষ জ্বালানি কার্ড ইস্যু করা হচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন দপ্তর থেকে একই নামে একাধিক কার্ড সংগ্রহ করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর শনিবার ওই ব্যক্তিদের উপজেলা পরিষদ সভাকক্ষে ডেকে আনা হয় এবং তাদের সংগৃহীত অতিরিক্ত কার্ডগুলো জব্দ করে বাতিল করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর জানান, যারা জালিয়াতির আশ্রয় নিয়ে একাধিক কার্ড নিয়েছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাদের ২৮ জনের কার্ড বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বলেন, ‘একই ব্যক্তি কৌশলে বিভিন্ন স্থান থেকে একাধিক ফুয়েল কার্ড সংগ্রহ করেছেন, যা সরকারি নির্দেশনার স্পষ্ট পরিপন্থী। অভিযুক্তরা ভবিষ্যতে আর কোনো ফুয়েল কার্ড পাবেন না। পরবর্তীতে কেউ এ ধরনের জালিয়াতির আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জ্বালানি সরবরাহ ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments