চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন করিশ গ্রামে একটি মাছের প্রজেক্ট থেকে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত আলমগীর হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি বৈবাহিক সূত্রে কচুয়ার করিশ গ্রামে বসবাস করতেন এবং ওই গ্রামের সেকান্দার আলীর ছেলে মাসুদের মাছের প্রজেক্টে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতেও আলমগীর মাছের প্রজেক্ট দেখাশোনা করতে যান। প্রজেক্টের কিছু মাছ মরে ভেসে থাকতে দেখে তিনি সেগুলো তুলতে পানিতে নামেন। এসময় আগে থেকেই ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের কারণে পানিতে শর্টসার্কিট হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments