Image description

বরিশালের গৌরনদীতে তেলবাহী লরির চালকের তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় একটি ফিলিং স্টেশন ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদী নাহার সিনেমা হল সংলগ্ন ‘সেন্ট পিটার ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা ডিপোর পেট্রোল বোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। লরিটি পাম্পে অবস্থানকালেই আকস্মিকভাবে সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হলে পাম্প ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

বিপদ আঁচ করতে পেরে লরির চালক জীবন ঝুঁকি নিয়ে দ্রুত জ্বলন্ত লরিটিকে চালিয়ে পাম্পের ভেতর থেকে বের করে সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝখানে নিয়ে আসেন। চালকের এই সময়োপযোগী পদক্ষেপের কারণে লরির আগুন ফিলিং স্টেশনের মূল ট্যাংকে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায় পাম্পটি। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লরি চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর