নবীনগরে ফসলি জমি দেখতে গিয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফসলি জমি দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছামির ধনাশী গ্রামের সোহরাফ মিয়ার ছেলে। সে স্থানীয় ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ছামির নিজেদের ফসলি জমি দেখতে মাঠে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সোহরাফ মিয়া জানান, দুপুরে শখের বশে ফসলি জমি দেখতে গিয়েই তাঁর সন্তান সাপের কামড়ের শিকার হয়। দ্রুত হাসপাতালে নিয়েও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব বলেন, “সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments