ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহাসড়কের সার্ভিস লেনে গড়ে ওঠা প্রায় ৫ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সওজ বিভাগ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। এসময় সওজ-এর উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদারসহ সিদ্ধিরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ফুটপাত দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে হট্টগোল শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মহাসড়কের সার্ভিস লেন দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এর ফলে আদমজী ইপিজেডগামী শ্রমিক ও সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত তীব্র যানজটের শিকার হতে হতো। আজকের অভিযানের ফলে ওই লেনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি পুনরায় সড়ক দখল করে স্থাপনা গড়ে তোলার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়ক সচল রাখতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।
মানবকণ্ঠ/ডিআর




Comments