Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুই দিন পর শরিফা খাতুন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ দুলাভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের প্রেমতলী এলাকার একটি ধানখেত থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফা উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি এলাকার শহীদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ শিশুটির দুলাভাই অন্তরকে (২২) গ্রেপ্তার করেছে। সে বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে একটি তাফসির মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয় শিশু শরিফা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় পরদিন শনিবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পুলিশ ও ফায়ার সার্ভিস দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।

তদন্তের একপর্যায়ে পুলিশ শিশুটির দুলাভাই অন্তরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে পাষণ্ড দুলাভাই শরিফাকে হত্যার কথা স্বীকার করে এবং তার দেখানো স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোমবার ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও ধর্ষণের বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। পরিবারের করা জিডিটি এখন নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।”

এদিকে নিজ দুলাভাইয়ের হাতে শিশু শরিফার এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে পুরো এলাকায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ঘাতক অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর