ভারতে পাচারকালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বেনীপুর গ্রামের ইসরাফিল (৩২) ও মো. উজ্জ্বল হোসেন (৪০)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ৮ জনের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর গ্রামে। তাদের মধ্যে কয়েকজন আগে ভারতের হরিয়ানা রাজ্যে থাকতেন। প্রায় সাত-আট মাস আগে তারা দেশে ফিরে আসেন। পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা যশোরের মণিরামপুর এলাকার এক দালালের মাধ্যমে জীবননগরের দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন। চক্রটি তাদের ভারতে কার্টন তৈরির কারখানায় ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে।
পুলিশ জানায়, শনিবার রাতে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে দালালরা তাদের পার না করে উল্টো স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দিলে ভিকটিম রাকিব মোল্লাকে মারধর করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার এবং ধাওয়া করে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—রাকিব মোল্লা (৩৭), তাঁর স্ত্রী নাইস মিনা খানম (৩০), লিমন মোল্লা, সাথী খাতুন (২৫) এবং চার শিশু রিহান মোল্লা, ফাতেমা খাতুন (১০), ফারিয়া খাতুন (২) ও এক বছরের শিশু ইসমাইল মোল্লা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “উদ্ধারকৃতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments