Image description

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পাড়ে লালমনিরহাট সীমান্ত সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা মন্ডলটারী এলাকার আজিজল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান ইটবোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ধরলা ব্রিজের পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে চলন্ত ট্রলির সামনের চাকার একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রলিটি উল্টে গিয়ে সরাসরি তার গায়ের ওপর পড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিটি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর