চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কৃষকদের সেচ কাজের জন্য ডিজেল ও পেট্রোল বিতরণে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে কৃষি কার্ড বা নির্ধারিত প্রত্যায়নপত্র ছাড়া কোনো কৃষক জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, কৃষকদের ডিজেল ও পেট্রোল সংগ্রহের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা অথবা ইউনিয়ন ও পৌরসভার ব্লক সুপারভাইজার (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) দের কাছ থেকে তথ্য প্রদান করে কার্ড বা প্রত্যায়নপত্র সংগ্রহ করতে হবে। ভোটার আইডি কার্ডের (এনআইডি) ফটোকপি জমা দিয়ে এই কার্ড বা প্রত্যায়নপত্র সংগ্রহ করা যাবে।
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো কৃষক প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে বাড়িতে মজুত রাখতে পারবেন না। যদি কারও কাছে অবৈধভাবে মজুত করা তেল পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষকদের ভোগান্তি কমানোর উদ্যোগ নিয়ে ইউএনও বলেন, জ্বালানি সংগ্রহের জন্য কৃষকদের পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। বিভিন্ন গ্রাম্য হাটে সাব-ডিলার বা এজেন্ট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা তাদের কার্ড বা প্রত্যায়নপত্র প্রদর্শন করে নিকটস্থ পয়েন্ট থেকেই তেল সংগ্রহ করতে পারবেন। ডিলারদেরও কার্ডবিহীন কারো কাছে তেল বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments