Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এক ইমাম পরিবারের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবার।

ভুক্তভোগী হাফেজ আব্দুল্লাহ আল নয়ন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদেরের আপন ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নোয়াপাড়ার শাহপুর এলাকার একটি জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ আব্দুল্লাহ আল নয়ন। গত ৭ এপ্রিল রাতে উপজেলার নোয়াপাড়ার পশ্চিম বেঙ্গাডোবায় তাঁর নিজ বাসায় এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। ঘটনার পর পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে সাংবাদিক এম এ কাদের বলেন, তাঁর ছোট ভাই দীর্ঘদিন ধরে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু নোয়াপাড়া এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বাড়ছে। এতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এ ঘটনায় মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।