Image description

শস্য ভান্ডার খ্যাত দিনাজপুরে চলতি বোরো মৌসুমে জ্বালানি তেলের তীব্র সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। কৃষি প্রধান এ জেলায় বর্তমানে বোরো ধান পরিচর্যার ভরা মৌসুম চললেও ডিজেলের অভাবে মাঠের সেচ পাম্পগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জেলায় সেচ কাজের বড় একটি অংশ শ্যালো ইঞ্জিন ও ডিজেলচালিত পাম্পের ওপর নির্ভরশীল।

স্থানীয় কৃষকদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে চাহিদার তুলনায় বাজারে ডিজেলের সরবরাহ অনেক কম।

তেলের অভাবে অনেক এলাকায় পর্যায়ক্রমে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। তেলের সংকটের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে তেল বিক্রি করছে ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। সঠিক সময়ে সেচ দিতে না পারায় ধানের গাছ লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। এ কারনে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভুক্তভোগী কৃষকরা জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা এমনিতেই সমস্যায় ছিলেন এখন ডিজেল না পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্রুত সরকারি হস্তক্ষেপে তেলের সরবরাহ স্বাভাবিক না করলে বোরো লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।

দিনাজপুর কৃষি সম্পসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) আবু জাফর মো. সাদেক জানান ডিজেলের সরবরাহ দ্রুত নিশ্চিত করতে ডিলারদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে মাঠপর্যায়ে এর সুফল এখনো মেলেনি।