বলিউডের অভিনেত্রী কঙ্গনা রনৌত ও তাপসী পান্নুর পুরোনো বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। তাপসীর ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যের জবাবে এবার তার বেড়ে ওঠা, আর্থিক অবস্থা ও পারিবারিক পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন কঙ্গনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, কঙ্গনার সঙ্গে তার কখনো সরাসরি দেখা হয়নি। তাদের কথিত বিরোধ শুরুর আগেও দেখা হয়নি, পরেও নয়। অথচ দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনা চলছে।
তাপসীর ভাষ্য, একজন মানুষ অন্যের বিষয়ে কীভাবে কথা বলেন, তা তার পারিবারিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। তিনি ও কঙ্গনা একে অপরকে নিয়ে যেভাবে কথা বলেন, তা দেখলেই দর্শকেরা বুঝতে পারবেন কে কোন পরিবেশ থেকে উঠে এসেছেন।
তাপসীর এই বক্তব্যের পর ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা জবাব দেন কঙ্গনা। তিনি অভিযোগ করেন, কঠিন আর্থিক পরিস্থিতিতে বেড়ে ওঠা কিছু মানুষ প্রায়ই তার পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বাবা-মাকে অপমান করেন।
কঙ্গনা দাবি করেন, তার বাবা-মা একটি প্রতিষ্ঠিত রাজপুত জমিদার পরিবারের সদস্য এবং শিক্ষিত ও সম্মানিত মানুষ। অভিনয়ে আসা তার নিজের সিদ্ধান্ত এবং শূন্য থেকে তিনি ক্যারিয়ার গড়ে তুলেছেন বলেও দাবি করেন এই অভিনেত্রী ও বিজেপি সাংসদ।
তাপসীর ইংরেজি বলার ধরন নিয়েও কটাক্ষ করেন কঙ্গনা। তবে তাপসীর পারিবারিক ও আর্থিক অবস্থা নিয়ে করা এসব মন্তব্যের পক্ষে কোনো তথ্য দেননি তিনি। কঙ্গনার বক্তব্যের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি তাপসী।
দুই অভিনেত্রীর বিরোধ অবশ্য বেশ পুরোনো। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল তাপসীকে কঙ্গনার ‘সস্তা নকল’ বলে মন্তব্য করেছিলেন। পরে বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্কের সময় কঙ্গনাও তাপসীসহ কয়েকজন অভিনেতাকে কটাক্ষ করেন।
তাপসী অবশ্য বরাবরই বলে আসছেন, তিনি কখনো কঙ্গনার সঙ্গে সরাসরি বিরোধে জড়াননি। তার দাবি, কঙ্গনার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন—এমন কোনো বক্তব্যও তিনি দেননি।
তবে এবার ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যকে নিজের পরিবার ও পারিবারিক পরিচয়ের প্রতি আক্রমণ হিসেবে নিয়েছেন কঙ্গনা। ফলে পুরোনো বিরোধ আবারও দুই অভিনেত্রীর প্রকাশ্য বাক্যুদ্ধে রূপ নিয়েছে।
এসএস




Comments