অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ভারত সফরের সঙ্গে বাংলাদেশকেও সূচিতে যুক্ত করার পরিকল্পনা করছে দেশটি।
এই পরিকল্পনার অংশ হিসেবেই রোববার (২৩ আগস্ট) আকস্মিকভাবে ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল। তবে এ বিষয়ে ব্রাজিলের প্রতিনিধি দল বা বাফুফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এ সময়ে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাদের।
তবে বাংলাদেশের জন্য ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আয়োজন করা সহজ হবে না। কারণ সেপ্টেম্বরের শেষ দিকে ইন্দোনেশিয়ায় এশিয়ান কাপের টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
টুর্নামেন্টে বাংলাদেশকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচের পাশাপাশি স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হতে পারে। ফলে ৩ বা ৪ অক্টোবর দেশে ফিরলে মাত্র দুই দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা কঠিন হয়ে পড়বে।
আরেকটি জটিলতা তৈরি হয়েছে ফিফা উইন্ডোর ম্যাচসংখ্যা নিয়ে। এশিয়ান কাপে বাংলাদেশের চারটি ম্যাচ ফিফা উইন্ডোর মধ্যে পড়ে গেলে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃতি পাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তাই বাফুফেকেও বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
খরচ কমাতে পারে কলকাতা সফর
ব্রাজিলের মতো দলকে বাংলাদেশে আনা বাফুফের জন্য বড় ধরনের আর্থিক ব্যয়ের বিষয়। তবে কলকাতায় ম্যাচ খেলে ঢাকায় এলে খরচ তুলনামূলক কম হতে পারে।
একটি সূত্রের তথ্য অনুযায়ী, ব্রাজিল দলের প্রায় ৯০ সদস্যের বহরকে কলকাতা থেকে ঢাকায় এবং পরে ঢাকা থেকে দুবাইয়ে চার্টার্ড বিমানে নেওয়ার ব্যবস্থা করতে হতে পারে। এর সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক খরচও থাকবে। তবে ব্রাজিল থেকে সরাসরি বাংলাদেশে দল আনার তুলনায় এই ব্যয় অনেক কম হবে।
এর আগে ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়ামের মাঠ ও পরিবেশ নিয়ে ব্রাজিল দল সন্তুষ্ট নয়—এমন আলোচনা ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। এ কারণে ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায় এসেছে কি না, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
তবে ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন এবং বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশকে ঘিরে ব্রাজিলের আলাদা পরিকল্পনার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
এখন মূল প্রশ্ন—বাংলাদেশের ব্যস্ত সূচি ও ফিফা স্বীকৃতির জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না।




Comments