Image description

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সৈয়দপুরে ‘দোস্ত এইড’ বাংলাদেশ-এর শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি তার বক্তব্যে বলেন, ‘নিরাপদ পানির অভাব এখনো অনেক এলাকার মানুষের জন্য একটি বড় সমস্যা। এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দোস্ত এইডের সৈয়দপুর ব্রাঞ্চ ইনচার্জ আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাকির হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভলান্টিয়ার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের আওতায় সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৫০টি টিউবওয়েল স্থাপন করা হবে। প্রতিটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি উন্নতমানের ও সুদৃশ্য প্ল্যাটফর্ম নির্মাণ করে দেওয়া হচ্ছে, যাতে ব্যবহারকারীরা স্বাস্থ্যসম্মত পরিবেশে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারেন।

স্থানীয়রা জানান, এই উদ্যোগের ফলে এলাকার দরিদ্র জনগোষ্ঠী দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট থেকে মুক্তি পাবে। জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

মানবকণ্ঠ/ডিআর