Image description

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে জোটের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের মাধ্যমে পাওয়া জনম্যান্ডেটকে অপমান করে নানা ধরনের ‘ছলচাতুরি’ করছে।

ঘোষিত কর্মসূচিগুলো হলো:

৯ এপ্রিল (বৃহস্পতিবার): সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ।

১১ এপ্রিল (শনিবার): দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

১২ এপ্রিল (রবিবার): দেশের সব জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি।

১৩ এপ্রিল (সোমবার): রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সেমিনার।

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, "সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে চুপ থাকতে পারি না। ফ্যাসিবাদের যেকোনো ধরনের প্রত্যাবর্তন আমরা রুখে দেব এবং জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।"

বৈঠকে সংবিধান সংস্কারের পাশাপাশি দেশে চলমান তীব্র জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। ১১ দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই প্রথম পর্যায়ের কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই