শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিক্ষা কার্যক্রমে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ৩ দিন সশরীরে (অফলাইন) এবং বাকি ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই নতুন সময়সূচির কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোড়-বিজোড় দিন ভাগ করে পাঠদান চালানো হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী:
সশরীরে ক্লাস (অফলাইন): শনিবার, সোমবার ও বুধবার।
অনলাইন ক্লাস: রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
আগামী ১১ এপ্রিল (শনিবার) থেকে ঢাকা মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই নতুন পদ্ধতি প্রাথমিকভাবে কার্যকর হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির অস্থিরতা বিবেচনায় রেখে শিক্ষা কার্যক্রমকে সচল রাখতেই এই ‘হাইব্রিড’ মডেল অনুসরণ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসের সুযোগ যেমন থাকবে, তেমনি অনলাইনের মাধ্যমে পড়াশোনার ধারাবাহিকতাও বজায় থাকবে। এই প্রক্রিয়ায় জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমানো সম্ভব হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
মানবকণ্ঠ/আরআই




Comments