সোনারগাঁওয়ে গ্যাসের লাইন ফেটে আগুন, মহাসড়কে দীর্ঘ যানজট
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজারে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মদনপুর-আড়াইহাজার মহাসড়ক উন্নয়ন কাজ করার সময় এই আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও আগুন নেভানো সম্ভব হয়নি, যার ফলে এশিয়ান হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর বাইপাস এলাকায় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চলাকালীন অসাবধানতাবশত তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনটি ফেটে যায়। মুহূর্তের মধ্যে সেখান থেকে বিশাল উচ্চতায় আগুন বের হতে থাকে। স্থানীয় লোকজন বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সরিয়ে যান এবং মহাসড়কের একপাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।
এদিকে, এই অগ্নিকাণ্ডের পেছনে তিতাসের কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী চক্রের ‘অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য’কে দায়ী করছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, নয়াপুর এলাকায় প্রভাবশালী ও তিতাসের এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে কয়েকদিন পর পরই অবৈধ সংযোগ দেওয়া হয়। আবার মাঝেমধ্যে লোকদেখানো অভিযানের মাধ্যমে সেই লাইন বিচ্ছিন্ন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “নেতাদের টাকার প্রয়োজন হলে তারা ম্যাজিস্ট্রেট এনে লাইন কাটিয়ে দেন। আবার গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পুনরায় সংযোগ দেন। এ পর্যন্ত অন্তত বিশবারের বেশি গ্যাস কাটা ও সংযোগ দেওয়ার নাটক হয়েছে। আমরা এই ‘চোর-পুলিশ’ খেলা চাই না, সরকারের কাছে আমাদের দাবি দ্রুত বৈধ গ্যাস সংযোগ দেওয়া হোক।”
এ বিষয়ে বক্তব্য জানতে সোনারগাঁও তিতাস গ্যাস অফিসের কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি। অগ্নিকাণ্ডের ফলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় সাধারণ গ্রাহকদের মাঝে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments