টাঙ্গাইলের সখিপুরে গাছ চাপা পড়ে সবুজ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দাড়িয়াপুর টানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ওই এলাকার লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সবুজ স্থানীয় একটি সরকারি প্লটের গাছ কাটতে যান। গাছ কাটার এক পর্যায়ে একটি বিশাল গাছ তার শরীরের ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন বনের ভেতর গাছের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ আনিস গাছ চাপা পড়ে সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments