খুলনার পাইকগাছায় শিবসা ব্রিজের অপরপ্রান্তে সোলাদানা অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভয়াবহ বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা এই সড়ক এখন স্থানীয়দের কাছে ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর।
সরেজমিনে দেখা গেছে, শিবসা ব্রিজের নিচ থেকে মোটরস্ট্যান্ড মোড় পর্যন্ত প্রায় আড়াইশ মিটার সড়ক সম্পূর্ণ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যস্ত এই আঞ্চলিক সড়কের কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও ইটের স্তূপ জেগে আছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো কাদাপানিতে একাকার হয়ে যায়, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এই সড়ক দিয়ে প্রতিদিন দাকোপ ও বটিয়াঘাটাসহ আশপাশের কয়েকটি উপজেলার হাজারো মানুষ যাতায়াত করেন। এছাড়া সোলাদানা, লস্কর, দেলুটি, লতা ও গড়ইখালীর বাসিন্দাদের জন্য এটি অন্যতম প্রধান যোগাযোগ পথ। সড়কের এমন নাজুক অবস্থায় ইজিবাইক, নছিমন ও মোটরসাইকেলসহ ছোটখাটো যানবাহন চলাচল করাও এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাইনতলা ব্রিজের নির্মাণসামগ্রী পরিবহনের জন্য ভারী যানবাহন চলায় সড়কটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এটি মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি। ফলে জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, সড়কটি মূলত সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে কোরবানির ঈদের আগেই অন্তত বেহাল অংশটি সংস্কার করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
তবে এলাকাবাসীর দাবি, শুধু মৌখিক আশ্বাস নয় বরং দ্রুত বাস্তব কাজ শুরু করা হোক। তা না হলে এই সড়কটি বড় কোনো প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments