Image description

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের ধানখেত সংলগ্ন কাদা-পানি মাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির একটি টহল দল নিয়মিত টহল দেওয়ার সময় সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে মহেশপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, মরদেহটি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে। গত কয়েকদিনে মহেশপুর সীমান্ত এলাকায় কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি। তাই এটি সীমান্ত কেন্দ্রিক কোনো ঘটনা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।"

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় কোনো ব্যক্তি নিখোঁজ থাকার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফলে নিহতের পরিচয় নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর