Image description

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে ব্যাপক দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সরকার। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ওই সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী জানান, বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অধিবেশনে প্রতিমন্ত্রী আরও কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে রাখা হয়েছে।

বিগত আমলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে জনমনে যে প্রশ্ন রয়েছে, তা নিরসনে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে বলেও আশ্বাস দেন মো. আব্দুল বারী।

মানবকণ্ঠ/আরআই