নবীনগরে সিলিন্ডারে পানি মিশিয়ে বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে বিক্রি এবং সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা করার দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়ণপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. বাছির মিয়া, তিনি ওই এলাকায় বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার হিসেবে ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার বাছির মিয়া সরকার নির্ধারিত ১৬৫৭ টাকার গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষের কাছে ২০০০ টাকায় বিক্রি করছিলেন। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে হাতেনাতে ধরা হয়। এছাড়াও ডিপোতে তল্লাশি চালিয়ে বেশ কিছু সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে পানি পাওয়া যায়, যা গ্রাহকদের সাথে চরম প্রতারণার শামিল।
স্থানীয় বাসিন্দারা জানান, নবীনগরে একবার কোনো জিনিসের দাম বাড়লে তা আর সহজে কমে না। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বা যুদ্ধের অজুহাত দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটছে।
ভুক্তভোগী এক এলাকাবাসী জানান, কিছুদিন আগে আমার পাশের বাসার এক মহিলার গ্যাসের সিলিন্ডার শেষ হওয়ার পর দেখা যায় ভেতরে প্রায় ৩ কেজি পানি রয়ে গেছে। প্রশাসনের সঠিক নজরদারি না থাকলে এই অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষকে এভাবেই ঠকিয়ে যাবে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর বলেন, "ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিলিন্ডারে পানি মিশিয়ে জালিয়াতি করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে বাছির মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"




Comments