Image description

বিগত স্বৈরশাসনের সময় দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত স্বৈরাচারের সময় ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এই দুর্নীতি রোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। পাচার হওয়া অর্থ জনগণের সম্পদ। সেই অর্থ দেশে ফিরিয়ে এনে আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতা বৃদ্ধি করব, ইনশাআল্লাহ।’

গ্রামের মানুষের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার প্রধান বলেন, ‘দেশের ৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। তাই আমাদের আগামী ৫ বছরের পরিকল্পনার সিংহভাগই সাজানো হয়েছে গ্রামের মানুষকে ঘিরে। গ্রামীণ জনপদের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।’

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের মানুষকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতোমধ্যে সারাদেশে ১২ লক্ষ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো ধাপে ধাপে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা।’

বক্তব্যে বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘আগের দুই সরকার শিশুদের হামের টিকা না দিয়ে যে অবহেলা করেছে, তা একটি ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গাবতলী উপজেলার বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় নিম্নবিত্ত ও সাধারণ মানুষ।

মানবকণ্ঠ/আরআই