Image description

মুম্বাইয়ের রাস্তায় পাপারাজ্জিদের সঙ্গে তারকাদের খুনসুটি বা হাসিঠাট্টা নিত্যদিনের ঘটনা। তবে মাঝেমধ্যে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকরও হয়ে ওঠে। সম্প্রতি তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান। এক ফটোগ্রাফারের সম্বোধন শুনে মেজাজ হারিয়ে কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

ঘটনাটি ঘটে গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায়। একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় শ্রুতির ছবি ও ভিডিও ধারণ করতে পাপারাজ্জিরা ভিড় জমান। এ সময় এক ফটোগ্রাফার তাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করেন। আর তাতেই ভীষণ বিরক্ত হন শ্রুতি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি সরাসরি প্রশ্ন করেন, ‘কে মাম্মা? আমি আপনার মা নাকি? কী আজেবাজে কথা বলছেন?’

যদিও দক্ষিণ ভারতে অনেক সময় ‘মাম্মা’ শব্দটি নারীদের প্রতি স্নেহ বা শ্রদ্ধা হিসেবে ব্যবহৃত হয়, তবে শ্রুতি সেই মুহূর্তে বিষয়টি একেবারেই সহজভাবে নিতে পারেননি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি বেশ কড়া ভাবেই ওই ফটোগ্রাফারকে শাসন করছেন। তবে বিরক্তি প্রকাশ করার পরপরই দ্রুত নিজেকে সামলে নেন অভিনেত্রী। হাসিমুখে হাত নেড়ে বিদায় জানিয়ে সেখান থেকে গাড়িতে উঠে চলে যান।

শ্রুতি হাসান বর্তমানে পেশাগত জীবনেও বেশ ব্যস্ত সময় পার করছেন। বলিউড ও দক্ষিণী সিনেমা—দুই অঙ্গনেই তার বেশ কিছু বড় প্রজেক্ট আসার অপেক্ষায়। তাকে শিগগিরই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে। এ ছাড়াও দুলকার সালমানের বিপরীতে ‘আকাসামলো ওকা তারা’, প্রভাসের সঙ্গে ‘সালার: পার্ট ২’ এবং বিজয় সেতুপতির বিপরীতে তামিল সিনেমা ‘ট্রেন’-এ অভিনয় করছেন তিনি।

মানবকণ্ঠ/আরআই