পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নীতিমালা অনুসরণ না করে গড়ে ওঠা ‘অনির্বাণ মডেল স্কুল’ সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন।
অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের গার্লস স্কুলের পশ্চিম পাশে স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শাহিনের বিরুদ্ধে অনিয়ম, প্রতারণা ও শিক্ষার্থীদের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে, বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের নাম করে মোটা অঙ্কের টাকা নিলেও তাদের রেজিস্ট্রেশন করা হয়নি। ফলে ওই শিক্ষার্থীরা চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
অভিযান শেষে ইউএনও কাউছার হামিদ জানান, “প্রতিষ্ঠানটি সরকারের কোনো বিধিমালা মানেনি। এটি মূলত কোচিং সেন্টারের মতো কার্যক্রম চালিয়ে আসছিল এবং প্রতারণার আশ্রয় নিয়ে অন্য স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করাতো। বৈধ কোনো ভিত্তি না থাকায় এবং শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় চক্রটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ইউএনও আরও বলেন, সরকারি নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং দ্রুত সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments