বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের গুদারা খালে দীর্ঘদিনের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে এই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরায় সচল হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে এক শ্রেণীর প্রভাবশালী ও অসাধু ব্যক্তি খালটির বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল। সম্প্রতি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আবারও নতুন করে খালটি দখলের চেষ্টা চালানো হয়। এতে খালের আড়াই কিলোমিটার খনন কাজ ব্যাহত হচ্ছিল এবং পানি প্রবাহ বন্ধ থাকায় স্থানীয় কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এলাকাবাসীর অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি এই বাঁধ অপসারণে বাধা দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের তীব্র ক্ষোভের মুখে তারা পিছু হটে। পরে এলাকাবাসীর জোরালো দাবির প্রেক্ষিতে এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মজুরুল হক রাহাদের বিশেষ সহযোগিতায় ও নির্দেশনায় বাঁধটি অপসারণ করা হয়।
বাঁধ অপসারণে অংশ নেওয়া কৃষকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "এই বাঁধের কারণে আমরা জমিতে সেচ দিতে পারছিলাম না। এখন পানি চলাচল স্বাভাবিক হওয়ায় আমরা নির্বিঘ্নে ফসল উৎপাদন করতে পারব।"
ষাটগম্বুজ ইউনিয়নের বাসিন্দারা দাবি করেছেন, শুধু গুদারা খাল নয়, এলাকার সকল প্রাকৃতিক জলাধার অবৈধ দখলমুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত অভিযান প্রয়োজন। একই সাথে যারা খাল দখল করে কৃষকদের ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments