Image description

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ও বিকেলে উপজেলার ডিঙ্গেদাহ এবং ঘোড়ামারা ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদাহ গ্রাম এলাকায় একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি প্রাচীরের সঙ্গে ধাক্কা লাগে। জানা যায়, চলন্ত আলমসাধুর সামনে হঠাৎ একটি কুকুর চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে আলমসাধুর যাত্রী আম্বিয়া খাতুন (৫০) মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আম্বিয়া দর্শনা থানার ৬২ আড়িয়া গ্রামের মৃত তাইজুল ইসলামের স্ত্রী। এ সময় চালক শরিফুল ইসলাম (৪৫) ও যাত্রী সিরাজুল ইসলাম (৬৫) আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন একটি তেলের পাম্পের সামনে অপর দুর্ঘটনাটি ঘটে। সেখানে পাওয়ার টিলার চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক জাহাঙ্গীর আলম (৫০) নামে এক চালককে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের টেংরা আলীর ছেলে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর