Image description

রাজশাহীতে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের ৪ ঘণ্টার নোটিশে উচ্ছেদের চেষ্টাকে ‘অন্যায় ও চক্রান্তমূলক’ বলে অভিহিত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একইসঙ্গে প্রকৃত ভূমিহীনদের জন্য খাসজমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দিয়ে আমরণ অনশনরতদের অনশন ভাঙিয়েছেন তিনি।

শুক্রবার সকালে রাজশাহী শহরের পদ্মা আবাসিক এলাকায় মন্ত্রীর বাসভবনের সামনে ক্ষতিগ্রস্তরা অবস্থান কর্মসূচি ও তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন। পরে মন্ত্রী নিজে এসে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

এরপর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী বলেন, "উচ্ছেদ করতে হলে অন্তত ৬-৭ দিন সময় দিতে হবে। তা না করে হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়াটা একজন মানুষ হিসেবে আমি অত্যন্ত অন্যায় মনে করি। অতীতের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"

এসময় সাবেক সরকারের আমলে স্থানীয় ভূমিদস্যুদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় লিটন, শাহু ও সাচ্চুর মতো ভূমিদস্যুরা জনগণের এই সম্পদ দখলের চেষ্টা করেছে। ৭০ বছর আগের মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখল করার কোনো সুযোগ নেই।’

ভূমিদস্যুদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিরোধে আইনি লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠনের পরামর্শ দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার ঘোষণাও দেন।

খাসজমি প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা খাসজমি যাতে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হয় সে বিষয়ে সরকার আন্তরিক। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

এদিকে, এ ঘটনার জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে, আজ সকালে ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে মন্ত্রী নিজে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।