Image description

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের নেওয়া এক গোপন শপথের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে কমলনগর উপজেলার মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গেছে।

ভিডিওটি স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর ফেসবুক আইডি থেকে পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয় এবং জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কয়েকজন নেতা-কর্মী একত্রিত হয়ে হাত তুলে শপথবাক্য পাঠ করছেন। তাঁরা শপথ করেন যে, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে যেকোনো ধরনের ত্যাগ স্বীকার এবং আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। শপথ শেষে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয়রা জানান, কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকায় মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে গোপনে এই কার্যক্রম পরিচালনা করা হয়। যুবলীগ নেতা রিয়াদ ভান্ডারী এই শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন।

বিষয়টি নিয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এই ঘটনার প্রেক্ষাপটে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

মানবকণ্ঠ/আরআই