সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র ঋণের ২৫ হাজার টাকা পরিশোধ না করার অভিযোগে টিএমএসএস এনজিওর দায়ের করা মামলায় জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে সিরাজগঞ্জের একটি আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নাটোর আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি গ্রাম থেকে জান্নাতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার সঙ্গে থাকা ২ বছর বয়সী শিশু সন্তানকে তার নানির জিম্মায় দিয়েছে তাড়াশ থানা পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় টিএমএসএস এনজিওতে ফিল্ড সুপারভাইজার পদে চাকরি করতেন। চাকরির শর্ত অনুযায়ী তিনি সেখানে ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রেখেছিলেন। ওই সময় তিনি স্ত্রী জান্নাতির নামে ৫০ হাজার টাকা ঋণ নেন। এর মধ্যে ২৫ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করা হলেও বাকি ২৫ হাজার টাকা বকেয়া ছিল।
আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘আমি চাকরি ছাড়ার সময় আমার গচ্ছিত জামানতের ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় করতে শাখা ব্যবস্থাপককে বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু এনজিও কর্তৃপক্ষ সেই টাকা সমন্বয় না করে উল্টো আমার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করে। আজ আমার জামানতের টাকাও ফেরত পেলাম না, উল্টো সামান্য এই টাকার জন্য স্ত্রীকে ছোট বাচ্চা রেখে জেলে যেতে হলো।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নাটোরের একটি আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আসায় জান্নাতি খাতুনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তার শিশু সন্তানকে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments