Image description

ইরানে যুদ্ধ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র যে ২৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে, সেই অর্থ দিয়ে বিশ্বের প্রায় ৯ কোটি দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষকে সহায়তা করা যেত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সমন্বয় অফিসের (ওচা) প্রধান টম ফ্লেচার।

শুক্রবার (১ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য তুলে ধরেন। ফ্লেচার জানান, ২০২৬ সালে বিশ্বজুড়ে তাদের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য প্রয়োজন ২৩ বিলিয়ন ডলার। এই অর্থ পাওয়া গেলে তারা প্রায় ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে সাহায্য পৌঁছাতে পারবেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, "চলতি বছর আমাদের ৮ কোটি ৭০ লাখ মানুষের জীবন রক্ষার পরিকল্পনা রয়েছে এবং এর জন্য ২৩ বিলিয়ন ডলার প্রয়োজন। আপনি এর সঙ্গে যুদ্ধের খরচের তুলনা করে দেখতে পারেন। যদি এই ২৩ বিলিয়ন ডলার আমাদের হাতে থাকত, তবে বিপুলসংখ্যক অসহায় মানুষের জীবন রক্ষার সুযোগটি আরও অনেক বেশি হতো।"

এদিকে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিরক্ষা বিষয়ক কমিটিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে সামরিক হামলা ও আনুষঙ্গিক পদক্ষেপে এখন পর্যন্ত তাদের প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এই বিপুল ব্যয়ের সিংহভাগই গেছে অস্ত্রের পেছনে।

তবে সিএনএন-কে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, খরচের যে ২৫ বিলিয়ন ডলারের কথা বলা হচ্ছে, তা কেবল সর্বনিম্ন একটি হিসাব। বাস্তবে প্রকৃত ব্যয়ের পরিমাণ এর চেয়েও অনেক বেশি।

সূত্র: সিএনএন

মানবকণ্ঠ/আরআই