Image description

নাটোরের বাগাতীপাড়ায় নির্মাণাধীন একটি মিনি স্টেডিয়াম প্রকল্পে কাজের মান নিয়ে তর্কের জেরে এক সাব-কন্ট্রাক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার মাঘিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। সম্প্রতি মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাগাতীপাড়া পৌরসভার মাঘিমপুর এলাকায় ‘মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ বাস্তবায়নাধীন রয়েছে। প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ করছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস’।

অভিযোগ উঠেছে, স্টেডিয়ামের সীমানা প্রাচীর নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট এবং মাঠ ভরাটে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে। এসব অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে নাটোর জেলা ছাত্রদলের সদস্য বিপুল সরদার শুভ এবং বাগাতীপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনসহ কয়েকজন নির্মাণকাজ পরিদর্শনে যান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাজের মান নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বিপুল সরদার শুভ উত্তেজিত হয়ে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনকে থাপ্পড় মারেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা বিপুল সরদার শুভ দাবি করেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়ে কথা বলতে গেলে সাব-কন্ট্রাক্টর তাকে অপমানজনক মন্তব্য করেন। সেই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এমন আচরণ করেছেন।

অন্যদিকে লাঞ্ছিত সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, “প্রকল্পে কোনো অনিয়ম হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে। কিন্তু এভাবে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা অনাকাঙ্ক্ষিত। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, “ব্যক্তি বা সংগঠন হিসেবে কারো আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাগাতীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। প্রকল্পের কাজের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে এবং মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর