Image description

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুটি অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ মা ও ছেলেসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

সোমবার (৪ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি এলাকার সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ওরফে কাজলী (৫২) ও তার ছেলে সালাম মিয়া (২২), কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে আসিফ (২২) এবং একই এলাকার মৃত ছানখানের ছেলে আসিক রানা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১২টার দিকে কালিয়াকৈর বাজার এলাকায় জনৈক মনজুর আলীর ভাড়া বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মা ময়না বেগম ও ছেলে সালাম মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকা থেকে মাদক বিক্রির সময় আসিফ ও আসিক রানাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর