Image description

পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড বা শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। যারা চেইন অব কমান্ড ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনার নির্দেশ দিয়ে বলেন, ‘অতীতের মতো পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট পেতে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। সাধারণ নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজ করাই আমাদের লক্ষ্য।’

প্রযুক্তিনির্ভর আধুনিক অপরাধ দমনে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, পুলিশের জন্য একটি বিশেষায়িত ‘সাইবার ক্রাইম ইউনিট’ প্রতিষ্ঠার কাজ চলছে। এই ইউনিট গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় সাইবার অপরাধ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশ বাহিনীকে জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

মানবকণ্ঠ/আরআই