নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা ইছাখালির চর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সীমা খানম উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানিবাড়িতে থেকে বড় হচ্ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে নানির সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায় সীমা। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সোমবার খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালালেও সীমার হদিস মেলাতে পারেনি। একপর্যায়ে ডুবুরি দল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে।
নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা ইছাখালির চরে সীমার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
কোটাকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মঙ্গলবার সকালে কুমারডাঙ্গা ইছাখালির চর থেকে আমরা মৃতদেহটি উদ্ধার করি। পরে ট্রলারে করে সীমার মরদেহ তার নানাবাড়িতে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ সময় পর কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments