Image description

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শামসুল প্রামাণিক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার গালা ইউনিয়নের হলদিঘর গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শামসুল ওই গ্রামের মৃত চেকেনের ছেলে এবং মাদ্রাসা সংলগ্ন একটি মুদি দোকানের মালিক।

ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গালা ইউনিয়নের হলদিঘর তালীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাজেরা শ্রেণির এক শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের কাছে রেখেছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. সোহেল। ওই রাতেই শিক্ষকের এক আত্মীয় মারা যাওয়ায় তিনি মাদ্রাসা ছাড়ার সময় প্রতিবেশী শামসুল প্রামাণিককে ওই ছাত্রের সঙ্গে থাকার অনুরোধ করে যান।

অভিযোগ রয়েছে, শুক্রবার ভোরে শামসুল প্রামাণিক জোরপূর্বক ওই ছাত্রকে বলাৎকার করেন। দীর্ঘ সময় যৌন নিপীড়ন চালানোর পর বিষয়টি কাউকে না বলার জন্য ওই কিশোরকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এমনকি জানাজানি করলে পাশের কবরস্থানে জ্যান্ত পুঁতে ফেলার ভয় দেখিয়ে তিনি বাড়ি চলে যান।

পরবর্তীতে ওই শিক্ষার্থী বাড়ি ফিরলে তার মুখে ও শরীরে কামড় এবং নখের আঁচড় দেখে বাবার সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটি সব খুলে বলে। এ ঘটনায় শুক্রবার বিকেলে স্থানীয়ভাবে সালিশি বৈঠক বসলেও কোনো সমাধান না হওয়ায় ওই শিক্ষার্থীর বাবা শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শামসুল প্রামাণিককে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছে। মঙ্গলবার (১২ মে) তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর