Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী সামগ্রী ও বাসুমতি চাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে  ভূরুঙ্গামারী সদর উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩৫ প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং প্রায় ৩০০ কেজি ভারতীয় বাসুমতি চাল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের পিছনে একটি বাসা ভাড়া নিয়ে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চাল মজুদ এবং বিপণন করে আসছিল। 

দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ হওয়া পণ্যের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ মুনতাসির মামুন মুন বলেন, “আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেট সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিরোধে ভূরুঙ্গামারী সার্কেলের অধীন থানাগুলোতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, বাড়ির মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্রের সঙ্গে মুলহোতা শান্ত মিয়াসহ সংশ্লিষ্টদের  তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।