বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা একটি রিট আবেদন শুনতে অপরাগতা প্রকাশ করে আদালত এই মন্তব্য করেন।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
শুনানি শেষে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, “আদালত স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। ফলে নির্বাচন আয়োজনে এখন আর কোনো আইনি বাধা থাকছে না।” উল্লেখ্য, মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে এই রিট আবেদনটি করেছিলেন।
এদিকে, বিসিবির বর্তমান প্রশাসনিক কাঠামো নিয়ে অসন্তোষ বাড়ছে। গত শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক একটি রিট দায়ের করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাসহ ১২ জন এই আবেদনটি করেন। আবেদনকারীদের মধ্যে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলটের মতো দেশের ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটাররা রয়েছেন।
বিসিবির নির্বাচন ও এডহক কমিটি নিয়ে আইনি লড়াই চললেও হাইকোর্টের আজকের এই অবস্থানের ফলে আগামী ৭ জুনের নির্বাচনী কার্যক্রম আপাতত সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments